মিছিল পাল্টা মিছিলে সরগরম লিলুয়া
দি নিউজ লায়নঃ একই দিনে একই সময়ে দুই যুযুধান রাজনৈতিক দলের মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়ার লিলুয়ায়। "আর নয় অন্যায়"এই শ্লোগানকে সামনে রেখে শনিবার হাওড়ার বালি বিধানসভা এলাকায় মিছিলের ডাক দিয়েছিল ভারতীয় জনতা যুব মোর্চা। লিলুয়া থেকে জিটি রোড হয়ে বালিখাল বাসস্ট্যান্ড পর্যন্ত ওই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। অন্যদিকে, কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে লিলুয়া ফ্লাইওভার, বড়ো গেট হয়ে বেলুড় বাজার পর্যন্ত এদিন মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল যুব কংগ্রেস।
লিলুয়া উড়ালপুলের সামনে ওই দুই মিছিল ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্লোগান এবং পাল্টা শ্লোগানে এলাকার পরিবেশ রীতিমতো সরগরম হয়ে ওঠে। পুলিশ অবশ্য তৎপরতার সঙ্গেই গোটা পরিস্থিতি সামাল দেয়। সেখানে কোনও অশান্তি হয়নি। জানা গেছে, এদিন বিকেল তিনটে নাগাদ বিজেপির কর্মী-সমর্থকরা ওমপ্রকাশ সিং, বিনয় আগরওয়াল প্রমুখের নেতৃত্বে একটি মিছিল করে লিলুয়া ব্রিজের সামনে থেকে।
একই সময়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলার যুব নেতা কৈলাশ মিশ্রের নেতৃত্বে আরেকটি মিছিল করে তৃণমূল সমর্থকরা। বিজেপি কর্মীরা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জয় শ্রীরাম শ্লোগান দিতে থাকেন। পাল্টা তৃণমূলের সমর্থকেরা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ও হর হর মহাদেব স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে বেলুড় থানার বিশাল পুলিশবাহিনী। যদিও কোনও অশান্তি হয়নি।

Post a Comment